
কোভিড মহামারীতে গোটা বিশ্বের সঙ্গে মন্দাভাব পড়েছিল ফুলের রাজ্য যশোরের গদখালিতেও; ঠিক সেই সময় ঘুরে দাঁড়নোর স্বপ্ন দেখেন সদ্য স্কুলের পাঠ শেষ করা তরুণ আল-আমিন।
মহামারীতে অনলাইনে কেনাকাটা জনপ্রিয় হওয়ায় স্থানীয়ভাবে চাষ করা ফুল কীভাবে দেশের নানা প্রান্তে পৌঁছানো যায় সেই ভাবনা থেকে ফেইসবুকে ‘ফুলের বাজার ডটকম’ নামের একটি পেইজ খোলেন তিনি।
এখন প্রতিদিন দেশের নানা প্রান্তে ফুল পাঠাচ্ছেন এ প্লাটফর্মের মাধ্যমে; চার বছরে তার ফলোয়ার দাঁড়িয়েছে প্রায় এক লাখে। অনলাইনে ফুল ব্যবসায় তিনি এখন স্বাবলম্বী।
২২ বছরের তরুণ আল-আমিন যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের আন্দোলপোতা গ্রামের কৃষক আজিজুর রহমানের ছেলে।
আল আমিন জানান, সবকিছু থমকে গেলেও মহামারীর তার জন্য আশীর্বাদ হয়েছিল। ২০২০ সালের জুন মাসে ফেইসবুক পেইজ খুলে ফুলের ব্যবসা শুরু করেন। বাইরে মানুষের চলাচল সীমিত থাকায় ঘরে বসেই গদখালির ফুল পেতে তার পেইজের জনপ্রিয়তা বাড়তে থাকে।



