
প্রচণ্ড শীত ও বৃষ্টিসহ নানান ভোগান্তি উপেক্ষা করে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশ এলাকা। শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এবারের বিশ্ব ইজতেমা। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। ৯ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্বের ইজতেমা।
শুক্রবার বাদ ফজর পাকিস্তানের মাওলানা আহমদ বাটলা সাহেবের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। তার বয়ান তরজমা করেন বাংলাদেশের মাওলানা নুরুর রহমান। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক মো. হাবিব উল্ল্যাহ্ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।



