
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমএসএফের সভাপতি সুলতানা কামাল বলেছেন, ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় আইনে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল আরও বলেন, ‘সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা ধর্ষণের মতো এহেন ন্যক্কারজনক কাজ, মাদকের সংশ্লিষ্টতা এবং এর সঙ্গে ক্ষমতাসীন দলের সম্পৃক্ততা দেশ ও জাতির জন্য চরম অবমাননাকর।’



