
চট্টগ্রামের কর্ণফুলী নদীর কালুরঘাটে নতুন সেতু হতে চার থেকে পাঁচ বছর সময় লাগবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। সেতু নির্মাণের জন্য সমীক্ষার কাজ শেষ হয়েছে বলে জানান তিনি।
আজ বুধবার দুপুরে চট্টগ্রাম নগরে রেলওয়ের ভিআইপি রেস্টহাউসের সম্মেলনকক্ষে কালুরঘাটে নতুন সেতুর বিষয়ে এ তথ্য জানান রেলমন্ত্রী। এর আগে সকালে রেলওয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি। দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম রেলওয়ের পূর্বাঞ্চলের সদর দপ্তরে আসেন তিনি।
রেস্টহাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেন, ‘কালুরঘাট নতুন সেতু হতে চার পাঁচ বছর সময় লাগবে। এটার সমীক্ষা শেষ। কোরিয়ান অর্থায়নে কালুরঘাট সেতু নির্মাণ করা হবে। কালুরঘাটের মতো ব্রিজ একটা নির্মাণ করতে তো সময় লাগবে। চার-পাঁচ বছরের মধ্যে ইনশা আল্লাহ চালু হয়ে যাবে।’



