
আড়াই মাসের শিশুসন্তানকে দেখে বরিশাল থেকে কর্মস্থলে ফিরছিলেন নয়ন মৃধা (৩৬)। গাজীপুরের টঙ্গীতে মার্স স্টিচ লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার অফিস সহকারী ছিলেন তিনি। গত ১০ জানুয়ারি ভোর পৌনে পাঁচটায় টঙ্গী পৌঁছান নয়ন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় বাস থেকে নেমেই ছিনতাইকারীর কবলে পড়েন। মুঠোফোন ও নগদ টাকার সঙ্গে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন তিনি।
এ ঘটনায় নয়ন মৃধার চাচাতো ভাই ছিদ্দিকুর রহমান বাদী হয়ে ওই দিনই টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা করেন। তিনিজানান, নয়ন যেখানে বাস থেকে নেমেছিলেন, জায়গাটি ছিল নির্জন, অন্ধকারাচ্ছন্ন। এর মধ্যেই একটি মোটরসাইকেলে এসে দুই ছিনতাইকারী তাঁর ব্যাগ, মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা নয়নকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মারা যান নয়ন।
ছিদ্দিকুর রহমান বলেন, ‘নয়ন মৃধারা দুই ভাই। নয়নই বড়। তাঁর তিন ছেলে। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তাঁর মৃত্যুতে পুরো পরিবার এখন পথে বসার দশা।’



