
দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারি, মেয়রের কঠোর অবস্থান, পরিবেশ অধিদপ্তরের মামলা—কোনো কিছুতেই বন্ধ হয়নি চট্টগ্রাম নগরের উত্তর পাহাড়তলী এলাকার পাহাড় কাটা। বরং নতুন করে কাটা হচ্ছে আরও পাহাড়। ১৫ জানুয়ারি পরিবেশ অধিদপ্তরের একটি দল পরিদর্শনে গিয়ে দেখতে পায় ওয়ার্ডের বিজয়নগরে নতুন একটি পাহাড় কেটে চারটি টিনের স্থাপনা গড়ে তোলা হয়েছে। এ জন্য মামলা করতে যাচ্ছে সংস্থাটি।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও স্থানীয় পরিবেশবাদীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাহাড় কাটা চলে মূলত সাময়িক বহিষ্কৃত উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর জহুরুল ইসলাম ওরফে জসিমের নেতৃত্বে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। পরিবেশ অধিদপ্তরের করা তিনটি মামলায়ও তাঁকে আসামি করা হয়েছে।
নগরের সবচেয়ে বেশি পাহাড় কাটা হচ্ছে এই ওয়ার্ডের আকবরশাহ এলাকায়। পরিবেশ আদালতে পরিবেশ অধিদপ্তর গত দুই বছরে পাহাড় কাটার অভিযোগে ৩২টি মামলা করেছে। এর মধ্যে ২০টি মামলা হয়েছে আকবরশাহ ও সংলগ্ন মাঝেরঘোনা এলাকায় পাহাড় কাটার কারণে।



