
মাঠপর্যায়ে সরকারের দেওয়া জন্মনিয়ন্ত্রণসামগ্রীর সংকট চলছে। উপজেলা ও মাঠপর্যায়ে জন্মনিয়ন্ত্রণসামগ্রীর মজুত প্রায় শেষের দিকে। দেশের কোনো উপজেলায় ইমপ্লানন (একধরনের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি) নেই, কোনো উপজেলায় ইনজেকশন নেই।
পাশাপাশি মাঠপর্যায়ে কনডম শেষ হয়ে যাওয়ার পথে। জন্মনিরোধক বড়ির যে মজুত আছে, তা দিয়ে চলবে পাঁচ মাসের মতো। এই তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের।
সরকারি পরিসংখ্যান বলছে, সক্ষম দম্পতিদের ৩৭ শতাংশ এখন সরকারি খাত থেকে জন্মনিয়ন্ত্রণসামগ্রী পান। এনজিওদের কাছ থেকে পান ৩ শতাংশ। বাকি ৬০ শতাংশ পান বেসরকারি খাত থেকে।



