
পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ৭ ফেব্রুয়ারি প্রথম দ্বিপক্ষীয় সফরে নয়াদিল্লি যাচ্ছেন। ওই সফরের সময় ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা চুক্তির পাশাপাশি সীমান্ত সমস্যা ও ভিসার বিষয়ে আলোচনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন আজ বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। যার মধ্যে থাকবে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, বিদ্যুৎ খাতে সহযোগিতা, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, সংযুক্তি, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি ও ভবিষ্যতে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রসঙ্গ।



