
কারবারিরা বিভিন্ন সময় নতুন নতুন মাদক নিয়ে আসছে দেশে। মাদক বহনে অভিনব কৌশলও অবলম্বন করছে তারা। এবার প্রথমবারের মতো মিলল ব্ল্যাক কোকেন নামের নতুন মাদক। এটি ভাবিয়ে তুলেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ (ডিএনসি) সংশ্লিষ্টদের। ডিএনসির ফরিদপুর জেলা কার্যালয়ের অভিযানে পেন্সিলের শীষের মতো কালো টুকরো ওই বস্তু রাসায়নিক পরীক্ষাগারে পরীক্ষার পর জানা গেল সেটি ব্ল্যাক কোকেন। এর আগপর্যন্ত এটি অচেনা বস্তু হিসেবেই জানতেন তদন্ত-সংশ্লিষ্টরা।
অবশ্য এটি কোন দেশ থেকে কীভাবে আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ঘাটন হয়নি। দেশে কী পরিমাণ ছড়িয়েছে এবং চক্রে কারা আছে, সেটিও অজানা। কারণ যার বাড়ি থেকে এই নতুন মাদক জব্দ করা হয়েছে, তিনি পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে ডিএনসি।



