
মানুষকে বই পড়ায় আগ্রহী করতে রেলস্টেশন, বাসস্টেশন ও বিনোদন পার্কে মিনি লাইব্রেরি (ছোট গ্রন্থাগার) করার সিদ্ধান্ত নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকা, বৃদ্ধাশ্রম ও বহুতল আবাসিক ভবনে গ্রন্থাগার স্থাপন করা হবে। গত ৩১ ডিসেম্বর সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত হয়।
বিশেষজ্ঞরা বলছেন, বইপ্রেমী তৈরি করতে ছোট গ্রন্থাগার করার উদ্যোগটি ভালো। তবে গ্রন্থাগারে কী ধরনের বই থাকবে, সেটা গুরুত্বপূর্ণ। আকর্ষণীয় বই না দিয়ে যদি পছন্দের কারও বই গ্রন্থাগারে দেওয়া হয়, তাহলে পাঠক সেখানে যেতে আগ্রহ দেখাবে না।
সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, জাতীয় গ্রন্থকেন্দ্র ও গণগ্রন্থাগার অধিদপ্তর শুধু বই সরবরাহ করবে। সর্বোচ্চ ৩০ হাজার টাকা মূল্যের বই ও সর্বনিম্ন ১৫ হাজার টাকার বই দেওয়া হবে। কিন্তু পাঠকক্ষের জন্য ছোট্ট স্থাপনা ও বই রাখার র্যাক সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে দিতে হবে। কারণ, এত স্থাপনা করার মতো অর্থ সংস্কৃতি মন্ত্রণালয়ের নেই। রেলস্টেশন, বাসস্টেশন, বিনোদন পার্ক যেসব মন্ত্রণালয়ের অধীনে, সংস্কৃতি মন্ত্রণালয় তাদের সঙ্গে সভা করবে। অবশ্য সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সংশ্লিষ্টরা মন্ত্রণালয় ও বিভাগ তাদের জায়গায় গ্রন্থাগার করার জন্য জায়গা দেবে কি না, তা নিয়ে সংশয় আছে।



