
এক দশক আগে পাওয়া বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফেরত পাঠিয়ে সাহিত্য ক্ষেত্রে দেশের প্রথম সারির এ পুরস্কার নিয়ে গত কয়েক বছর ধরে চলা বিতর্ক নতুন করে উসকে দিয়েছেন কথাসাহিত্যিক জাকির তালুকদার।
তার ভাষ্য, “সম্পূর্ণ অগণতান্ত্রিক, আমলাতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত হওয়া বাংলা একাডেমির পরিচালনা পদ্ধতিতে সচেতন মানুষ আস্থা হারিয়েছে।”
কেন তিনি বাংলা একাডেমিকে ‘অগণতান্ত্রিক ও আমলাতান্ত্রিক’ বলছেন? কারণ একাডেমির সর্বোচ্চ ক্ষমতাধর নির্বাহী পরিষদের ১৯ পদের মধ্যে ৭টিতে নির্বাচিত সদস্যরা থাকার কথা থাকলেও সেই নির্বাচন হয় না গত ২৫ বছর ধরে। বাকিরা সবাই পদাধিকার বলে কিংবা সরকারের মনোনীত হিসেবে পরিষদে এসেছেন।
তাতে ‘ইচ্ছামত‘ লোক নিয়ে একাডেমি পরিচালনা এবং পুরস্কারের অলিখিত ‘কোটা’ ঠিক করে দেওয়ার অভিযোগ উঠছে। পুরস্কারের প্রাথমিক মনোনয়ন থেকে শুরু করে চূড়ান্ত বিচার প্রক্রিয়ায় একাডেমির মহাপরিচালককে প্রভাব বিস্তারের সুযোগ করে দেওয়া হয়েছে খোদ পুরস্কারের নীতিমালার মধ্যেই।
এ বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য ১১টি ক্যাটাগরিতে ১৬ জনের নাম ঘোষণা করে গত বুধবার সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে একাডেমির জনসংযোগ বিভাগ। পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ্যে আসার পর থেকেই নানা বিতর্ক চলছে।



