
বৈদ্যুতিক গোলযোগে ঢাকার মেট্রোরেল চলাচল প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকায় ট্রেনের ভেতর এবং স্টেশনে স্টেশনে ভুগতে হয়েছে যাত্রীদের।
টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হওয়ায় রোববার সকাল থেকেই মেট্রোরেলে যাত্রীদের প্রচণ্ড চাপ ছিল। এর মধ্যে বেলা পৌনে ৩টার দিকে ট্রেনগুলো হঠাৎ যাত্রাপথেই থমকে দাঁড়ায়। পরে জানা যায়, বৈদ্যুতিক লাইনে সমস্যা থেকে এ জটিলতা।
মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানির মহাব্যবস্থাপক (ইলেকট্রিক্যাল) মীর মনজুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা পৌনে ৩টার দিকে উত্তরা সাউথ থেকে শেওড়পাড়া পর্যন্ত বৈদ্যুতিক লাইনে সমস্যা দেখা দেয়। মেরামত শেষে তা আবার শুরু হয়েছে।”
এই সময়ে ট্রেন বন্ধ থাকায় স্টেশনে স্টেশনে ভিড় বাড়তে থাকে। এক পর্যায়ে বিভিন্ন স্টেশনের গেইট বন্ধ করে দেওয়া হয়। অনেকে টিকেট কিনেও যাত্রা বাতিল করেন।
বেলা সাড়ে ৩টার দিকে আগারগাঁও স্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশনে ওঠার সবগুলো গেইট বন্ধ করে দেওয়া হয়েছে। স্টেশন থেকে বের হওয়ার পথ খোলা আছে।
মতিঝিলগামী যাত্রী সৈয়দ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক ঘণ্টা আগে টিকেট কিনেছি। কিন্তু ট্রেন আসছে না। শেষ পর্যন্ত টিকেট ফেরত দিয়ে এখন নেমে এলাম। কিন্তু টাকা ফেরত দেয়নি।”



