
ভাষার মাসের সম্মানে ফেব্রুয়ারির প্রথম দিন সব আদেশ বাংলায় দেওয়ার কথা জানিয়েছে হাই কোর্টের এক বেঞ্চ।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানায়।
বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক মোস্তফা জামান ইসলাম দিনের কার্যক্রমের শুরুতে আইনজীবীদের উদ্দেশে বলেন, “আজ ভাষার মাসের শুরু। মাতৃভাষা, বাংলা ও ভাষা শহীদদের সম্মানে আজ সব আদেশ ও রায় বাংলায় দেব। যদিও বাংলায় রায় দেওয়াটা কঠিন। তারপরও ভাষার মাসের সম্মানে আজ সব আদেশ ও রায় বাংলা ভাষায় দিতে চাই।“
এরপর কার্তালিকার শুরুতে আদেশের জন্য থাকা রিট মামলাগুলোর আদেশ দেওয়া শুরু করে দুই বিচারকের বেঞ্চ।
বৃহস্পতিবার ২০২৪ সালর ফেব্রুয়ারির প্রথম দিন। ১৯৫২ সালের এই মাসের ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষার অধিকারের দাবিতে আন্দোলনে শহীদ হয়েছিলেন সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক। বাংলাদেশের মানুষের ভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে।



