
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) করা প্রকৌশলীদের জ্যেষ্ঠতার খসড়া তালিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে সংস্থাটিতে আসা প্রকৌশলীদের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপারিশ নেওয়া হয়নি। এই প্রকৌশলীদের চাকরি নিয়মিত করা নিয়ে প্রশ্ন থাকলেও তাঁদেরই তালিকায় অগ্রাধিকার দেওয়া হয়েছে। এতে সংস্থাটির রাজস্ব খাতে ছয় শতাধিক প্রকৌশলীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
সবশেষ ২০০৮ সালে এলজিইডিতে প্রথম শ্রেণির প্রকৌশলীদের জ্যেষ্ঠতার তালিকা হয়। এরপর নতুন তালিকা আর হয়নি। দীর্ঘ ১৬ বছর পর চলতি মাসের ১১ তারিখ খসড়া জ্যেষ্ঠতার তালিকার বিজ্ঞপ্তি প্রকাশ করে এলজিইডি। তালিকার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কারও কোনো আপত্তি থাকলে, তা বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ কর্মদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে।



