
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান মিয়া (গোলাপ) কোনো সরকারি পদে নেই। তবে তিনি বাস করেন একটি সরকারি বাংলোয়, যা সাধারণত মন্ত্রিসভার সদস্যদের বরাদ্দ দেওয়া হয়। চাইলে সচিব পদমর্যাদার কাউকে দেওয়া যায়।
বাংলোবাড়িটি মন্ত্রিপাড়া বলে পরিচিত রাজধানীর মিন্টো রোডে অবস্থিত। বাড়ির নম্বর ৪২। সেখানে আবদুস সোবহান থাকছেন ২০১৬ সাল থেকে। তখন তিনি বাংলোটি বরাদ্দ পেয়েছিলেন সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে। যদিও ২০১৮ সালের পর থেকে তিনি আর বিশেষ সহকারী নেই।
বিষয়টি নিয়ে আবদুস সোবহানের বক্তব্য জানতে নানাভাবে চেষ্টা করেন এই প্রতিবেদক। একপর্যায়ে গত ২৯ জানুয়ারি তিনি ফোন ধরেন। তখন বলেন, তিনি এখনো প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে আছেন, তবে তা অবৈতনিক। এর পরই ফোন কেটে দেন। আবার চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।



