
আগামী ৯ মার্চ ভোটের তারিখ রেখে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন এবং কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৫ ফেব্রুয়ারি যাচাই-বাছাইয়ের পর ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকছে।
৯ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ দুই সিটিতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে।
নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বুধবার এই তফসিল ঘোষণা করে বলেন, “৯ মার্চ সাধারণ ও উপ নির্বাচন মিলে স্থানীয় সরকারের ২৩৩টি ছোট বড় নির্বাচন হবে। আগে ভোটের তারিখ জানানো হয়েছিল, আজ বিস্তারিত তফসিল জানানো হল।”
সচিব জানান, সেদিন যেসব ভোট হবে, তার মধ্যে সিটি করপোরেশনের সাধারণ নির্বাচন একটি, সিটি শুন্য পদে উপ নির্বাচন চারটি, পৌরসভা সাধারণ নির্বাচন তিনটি, উপ নির্বাচন ১৫টি, ইউপি সাধারণ নির্বাচন ১৩টি, উপ নির্বাচন ১৯০টি এবং জেলা পরিষদে উপ নির্বাচন ৭টি।



