
কাঁধে মাটি কাটার ভার আর কোদাল নিয়ে কুয়াশাচ্ছন্ন সকালে কাজের সন্ধানে পঞ্চগড় শহরে এসেছেন খয়রুল ইসলাম (৫৫) ও এনামুল হক (৫০)। দুজনের পরনে জ্যাকেট, লুঙ্গি আর গলায় প্যাঁচানো মাফলার। সকাল পৌনে ১০টার দিকে শহরের বানিয়াপট্টি এলাকায় কথা তাঁদের সঙ্গে। খয়রুল ইসলাম বলেন, ‘আজি কুয়াশাতে কিছু দেখা যায় না, আজি বোধে (মনে হয়) এইবারকার (এবারের) সবচেয়ে বেশি ঠান্ডা। তারপরও কাজকাম পাবার আশায় শহরোত আসিনো। ঠান্ডার সময় কোনো দিন কাজ পাওয়ায় যাছে, আর কোনো দিন নাই। কিন্তু পেট তো আর ঠান্ডা বুঝে না বাপু।’
খয়রুলের কথার সঙ্গে যোগ দিয়ে এনামুল হক বলেন, ‘হামরা গরিব মাইনষি, কাম না করিলে পেটোত ভাত নাই। ঠান্ডা করিলেও কাম করিবা নাগিবে, না করিলেও নাগিবে। যে কুয়াশা দেখা যাছে কাজকাম পামো কিনাই সন্দেহ নাগেছে।’



