
ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য নিয়ে প্রথম অধিবেশন শুরুর মধ্য দিয়ে যাত্রা করল বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ।
মঙ্গলবার বিকাল ৩টায় ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ১৫ জানুয়ারি এই অধিবেশন আহ্বান করেন।
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া আওয়ামী লীগ এবার টানা চতুর্থ মেয়াদে সরকারে।
ভোট হওয়া ২৯৯ আসনের মধ্যে ২২৩টিতে জয় পায় আওয়ামী লীগ। এছাড়া গত দুই সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি ১১টি, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিকদের মধ্যে জাসদ একটি ও ওয়ার্কার্স পার্টি একটি এবং এক সময় বিএনপির জোটে থাকা কল্যাণ পার্টি একটি আসনে জয় পায়।
দ্বিতীয় সর্বোচ্চ আসন পান স্বতন্ত্র প্রার্থীরা। যে ৬২ আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন, তাদের অধিকা প্রায় সবাই আওয়ামী লীগেরই নেতা।



