
রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ত সড়ক। অথচ সড়কটির এক পাশে দুই যুগ ধরে রয়েছে ‘ঝুঁকিপূর্ণ’ সরু নর্দমা। নর্দমার ওপর আলাদা করে বসানো স্ল্যাবগুলোর (কংক্রিটের তৈরি ঢাকনা) কিছু কিছু এদিক-সেদিক সরে গেছে। কোনোটি কোনোটি ভেঙে গেছে। কোথাও কোথাও স্ল্যাবই নেই। এতে সড়কের পাশে বড় বড় গর্তের মতো হয়ে আছে। প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।
রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে মেরুল বাড্ডা পর্যন্ত সড়কের এই দশা। এই অংশের দৈর্ঘ্য প্রায় পাঁচ কিলোমিটার। ১০০ ফুট চওড়া সড়কটির পুব পাশে থাকা নর্দমার কারণে ওই পাশে যান চলাচলের জায়গাও কমে গেছে। কেননা, মূল সড়ক থেকে কয়েক ইঞ্চি নিচু হওয়ায় স্ল্যাবের ওপর দিয়ে যানবাহন চলাচল করা কঠিন। এ ছাড়া মধ্য বাড্ডার অংশে স্ল্যাবের ওপর বসে নানান ভ্রাম্যমাণ দোকান।



