
রমনা পার্ক সংস্কার করে শিশুদের বিনোদনের জন্য যে চত্বর করা হয়েছিল, এক বছর যেতে না যেতেই তার অবস্থা যাচ্ছেতাই হয়ে যাচ্ছে।
বেশ কিছু খেলনা এরই মধ্যে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে, কিছু অনুপযোগী হয়ে যাওয়ার পথে। সেগুলোতে চড়ে ব্যথাও পাচ্ছে শিশুরা। অভিভাবকরা বিরক্ত।
যে তিনটি দোলনা সেখানে আছে, তার কোনোটি বড়দের ভার বহন করার মতো না। কিন্তু শিশুদেরকে অপেক্ষায় রেখে বড়রা তাতে চড়তে থাকেন।
তিনটির মধ্যে দুটি দোলনার শেকল ছিড়ে যাওয়ার পর তা বেঁধে রাখা হয়েছে কোনো রকমে। ফলে শিশুরা আর ভারসাম্য রাখতে পারে না, ফলে তারা তাতে বসতেও চায় না। এই সুযোগে আরো পেয়ে বসছেন বড়রা।
পার্কের তত্ত্বাবধানকারী সংস্থা গণপূর্ত বিভাগ জানে এই অবস্থা। তাদের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেছেন, তারা কিছু ব্যবস্থা নিয়েছেন, শিশু চত্বরে নিরাপত্তা কর্মী দেওয়া হয়েছে, আরো ব্যবস্থা নেবেন।
তবে শিশু চত্বরের নিরাপত্তায় আনসার সদস্য দেওয়া হলেও তারা প্রায় সময়ই সেখানে থাকেন না, আর থাকলেও বাধা দেন না। তার ভাষ্য, তার একার পক্ষে পুরোটা দেখা সম্ভব নয়।



