
বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাজ্যের অবস্থানের পরিবর্তন না হওয়ার ইঙ্গিত দিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তিনি বলেছেন, মানবাধিকার, নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে যুক্তরাজ্য বাংলাদেশ সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করে যাবে।
বুধবার (২৪ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ব্রিটিশ হাইকমিশনার। মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান কুক।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভালো বৈঠক হয়েছে। আমাদের দুই পক্ষের সম্পর্ক আরও শক্তিশালী করার ব্যাপারে আলোচনা করেছি। বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা অংশীদারিত্ব, জলবায়ু সংকট, অভিবাসন ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করেছি।



