
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের কাছাকাছি মিয়ানমারের পরিস্থিতি এখন শান্ত। সেখানে মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের (বিজিবি) সীমান্তচৌকি এলাকায় গতকাল সোমবার গোলাগুলি হলেও আজ মঙ্গলবার সকাল থেকে কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি। সীমান্তের ওপারে গোলাগুলির ঘটনায় ঘুমধুমে গতকাল দুপুরে ছুটি দেওয়া পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ পাঠদান কার্যক্রম চলছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা এ তথ্য নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ঘুমধুম সীমান্তের ওপারের পরিস্থিতি শান্ত। তাই সোমবার কিছু সময়ের জন্য ছুটি দেওয়া বিদ্যালয়গুলো খোলা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিস্থিতি আশঙ্কাজনক মনে হলে আবার ছুটি দেওয়া হবে।



