
চালের শীর্ষ রফতানিকারক দেশ প্রতিবেশী ভারত। সেখানে এখন চালের দাম বাড়ছে। বাজার অস্থিতিশীলতা মোকাবেলায় দেশটির সরকার স্থানীয় ব্যবসায়ীদের চাল রফতানিতে নিরুৎসাহিত করছে। আরোপ করা হয়েছে শুল্কসহ নানা ধরনের নীতিগত প্রতিবন্ধকতা। খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট (এফপিএমইউ) এবং রয়টার্সের তথ্য অনুযায়ী, দুই সপ্তাহ আগেও ভারত থেকে সবচেয়ে কম দামি ৫ শতাংশ ভাঙা (খুদযুক্ত) মোটা চালেরও রফতানি মূল্য ছিল প্রতি টন ৫২৬ ডলার। গত সপ্তাহে তা বেড়ে দাঁড়ায় সর্বনিম্ন ৫৩৩ থেকে সর্বোচ্চ ৫৪২ ডলারে। বর্তমানে এটি সর্বনিম্ন ৫৩৭ থেকে ৫৪৬ ডলারে রফতানি হচ্ছে।
দাম আরো বেশি থাইল্যান্ডে। দুই সপ্তাহ আগে দেশটি থেকে রফতানির জন্য প্রতি টন চালের মূল্য ধরা হয়েছিল ৬৫২ ডলার। গত সপ্তাহে তা আকস্মিকভাবেই ৬৬৫ ডলারে উঠে যায়। বর্তমানে বাজার কিছুটা সংশোধন হয়ে দেশটি থেকে প্রতি টন চাল রফতানি হচ্ছে সর্বোচ্চ ৬৫৮ ডলারে।
ভিয়েতনামের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটি থেকে প্রতি টন ৫ শতাংশ ভাঙা চাল রফতানি হচ্ছে ৬৫৩ ডলারে। গৃহযুদ্ধের কারণে চালের বৃহৎ আরেক উৎস মিয়ানমার থেকে বাংলাদেশসহ বিভিন্ন দেশে চাল আমদানি এখন এক প্রকার বন্ধ।



