
রাজধানীর বাজারে দেশি মুড়িকাটা জাতের পেঁয়াজ দামের দিক থেকে শতক ছুঁয়েছে। এক দিন আগেও বাজারে প্রতি কেজি পেঁয়াজ সর্বোচ্চ ৯০ টাকায় বিক্রি হয়েছে। তবে গতকাল সোমবার এই পেঁয়াজের দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়ে গেছে। বেড়েছে আরেক নিত্যপণ্য ডিমের দামও।
রাজধানীর মালিবাগ, মগবাজার ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, গতকাল প্রতি কেজি মুড়িকাটা জাতের পেঁয়াজ বিক্রি হয়েছে ৯৫ থেকে ১০০ টাকায়। যে পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, তা ছিল আকারে একটু বড়। বাজারে আমদানি করা পেঁয়াজের সরবরাহ নেই বললেই চলে। মাত্র অল্প কয়েকটি দোকানে আমদানি করা পেঁয়াজ দেখা গেছে, তবে পরিমাণে তা একেবারে কম। আমদানি করা এই পেঁয়াজ প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হয়েছে।



