
রপ্তানিসংক্রান্ত নথিপত্র জালিয়াতি করে প্রণোদনা বাগিয়ে নেওয়ার অভিযোগ বিস্তর। এর কারণে প্রকৃত রপ্তানিকারকদের পক্ষ থেকে রপ্তানি-প্রণোদনা যাচাই-বাছাইয়ের দাবিও দীর্ঘদিনের। তবে সে পথে না গিয়ে সরকার এমন এক সময়ে প্রণোদনা কাটছাঁট করল, যখন অর্থনীতিতে নানা সংকট চলছে। ডলার-সংকটে রিজার্ভ ঝুঁকিতে। তৈরি পোশাক রপ্তানি কমছে। উদ্যোক্তারা বলছেন, রপ্তানি-প্রণোদনা কাটছাঁটে সরকারের হাতে কিছু টাকা জমবে ঠিকই; কিন্তু কঠিন সময়ে অর্থনৈতিক সংকট আরও জটিল হতে পারে।
রপ্তানি-প্রণোদনা কাটছাঁট করে গত মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
ওই প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক দাবি করছে, ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ (এলডিসি গ্র্যাজুয়েশন) ঘটলে এমনিতেই এমন প্রণোদনা শতভাগ বাতিল করতে হবে। তারই আগাম প্রস্তুতি হিসেবে চলতি বছর থেকে নগদ সহায়তা অল্প অল্প করে কমিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। এই পদক্ষেপ রপ্তানিশিল্পকে নিজ পায়ে দাঁড়াতে সহায়ক হবে।



