
রাজধানীর মিরপুর ১১ নম্বরের লালমাটি এলাকার টেম্পোস্ট্যান্ডে উজ্জ্বল গোশত বিতান। এখানে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৩০ টাকায়। তাও আবার ক্রেতাদের চোখের সামনে গরু জবাই করে মাংস বিক্রি করছেন বিক্রেতা। কম দামে মাংস কিনতে সেখানে ক্রেতার ভিড় লেগেই থাকে। গতকাল শুক্রবার বিক্রি হয়েছে ২৫টি গরু। হুমকি-ধমকি ও ভয়ভীতি উপেক্ষা করেই দীর্ঘদিন কম দামে মাংস বিক্রি করে যাচ্ছেন উজ্জ্বল গোশত বিতানের মালিক উজ্জ্বল হোসেন। সাম্প্রতিক সময়ে হুমকি বেড়ে যাওয়ায় প্রতিবাদ হিসেবে গতকালও কাফনের কাপড় হাতে নিয়ে মাংস বিক্রি করেছেন উজ্জ্বল।
সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে কম দামে গরুর মাংস ভোক্তার হাতে তুলে দিয়ে বাজারে স্বস্তি ফেরানো ব্যবসায়ীরা হুমকিতে পড়েছেন। খুনখারাবি করেও বাজার নিজেদের কবজায় রাখার চেষ্টা চালাচ্ছে একটি চক্র। কম দামের মাংস বেচতে গিয়ে এরই মধ্যে চক্রের হাতে জীবন দিয়েছেন রাজশাহীর এক বিক্রেতা। হামলার শিকার হয়েছেন যশোরের এক ব্যবসায়ী। কম দামে মাংস বিক্রি করে সুনাম কুড়ানো রাজধানীর শাহজাহানপুরের ব্যবসায়ী মো. খলিল ও মিরপুরের উজ্জ্বলকে দেওয়া হয়েছে প্রাণনাশের হুমকি। এই পরিস্থিতিতে প্রতিবাদ হিসেবে উজ্জ্বল হাতে তুলে নেন কাফনের কাপড়।



