
কেউ পণ্য কিনছেন, কেউ ঘুরে ঘুরে দেখছেন। তাদের সেবা দিতে ব্যস্ত বিক্রয়কর্মীরা। পোশাক থেকে শুরু করে আসবাবপত্র কিংবা ক্রোকারিজ– সব স্টলেই ক্রেতা-দর্শনার্থীর উপচে পড়া ভিড়। গতকাল শুক্রবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রথম ছুটির দিনের চিত্র এমনই ছিল। তবে ক্রেতারা বলছেন, মেলায় গিয়ে কেনাকাটার আনন্দ ম্লান হয়ে গেছে সড়কে যানজট ও ধুলাবালিতে।
রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) চলছে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। গতকাল সরেজমিন দেখা যায়, মেলায় প্রবেশের টিকিট সংগ্রহ করা থেকে মূল ফটক দিয়ে প্রবেশ করা পর্যন্ত ছিল ক্রেতা-দর্শনার্থীর দীর্ঘ সারি। ফটকের বাইরে উড়ছে ধুলা। সেই সঙ্গে রয়েছে হকারদের রাজত্ব। এতে কিছুটা বিরক্তি নিয়ে মেলায় ঢুকছেন ক্রেতা-দর্শনার্থী। কয়েকদিন ধরে শীতের তীব্রতা থাকলেও গতকাল ছিল তুলনামূলক কম। তাছাড়া মেলা শুরু হওয়ার পর গতকাল ছিল প্রথম ছুটির দিন। ফলে এ সুযোগকে কাজে লাগিয়েছেন অনেকে। স্টল-প্যাভিলিয়নগুলোতে ভিড়ের চেয়ে মেলা প্রাঙ্গণজুড়ে তাদের পদচারণা ছিল চোখে পড়ার মতো। বেশির ভাগ ক্রেতা-দর্শনার্থী স্বজন নিয়ে ছবি তোলায় ছিলেন ব্যস্ত।



