
সকাল থেকেই চট্টগ্রামের আসাদগঞ্জে শুরু হয় ব্যস্ততা। দেশের বিভিন্ন স্থান থেকে এখানকার আড়ত ও দোকানে ট্রাকে করে আনা হয় শুঁটকি। আর সেই ট্রাকভর্তি শুঁটকি নিয়েই সকাল থেকে আসাদগঞ্জে শুরু হয় কর্মব্যস্ততা। ট্রাকে আসা শুঁটকি থেকে যাচাই-বাছাই করে একটি অংশ সংরক্ষণ করা হয় রপ্তানির জন্য। চট্টগ্রাম নগরের শুঁটকি বেচাকেনার বৃহৎ আড়ত আসাদগঞ্জে গিয়ে এই ব্যস্ততা দেখা যায়।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) দেশ থেকে প্রায় ২৫ লাখ ৪৫ হাজার ৫১৪ মার্কিন ডলারের সমমূল্যের শুঁটকি রপ্তানি হয়েছে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২৮ কোটি টাকা (প্রতি ডলারের বিনিময়মূল্য ১১০ টাকা হিসাবে)। এর মধ্যে শুধু ডিসেম্বর মাসেই রপ্তানি হয়েছে প্রায় ১৪ লাখ ২৭ হাজার ডলারের সমমূল্যের শুঁটকি। বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া শুঁটকির বড় অংশই গেছে হংকং, সিঙ্গাপুর, ভারত, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডে।



