
টাঙ্গাইলের শাড়ি ভারতের পশ্চিমবঙ্গের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতির ঘটনায় বাংলাদেশে ‘বিস্ময়ের মধ্যে’ করণীয় ঠিক করতে বৈঠক ডেকেছে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর।
এ নিয়ে বৈঠকে বাংলাদেশের পরবর্তী করণীয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি ভারতকে দেওয়ার স্বীকৃতির বিষয়ে আপত্তি ও প্রতিবাদ জানানোর কথা ভাবছে অধিদপ্তর।
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বেলাল হোসেন বলেন, “বৈঠকে খুব সম্ভবত ভারতের দাবির প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।”
রোববার শিল্প মন্ত্রণালয়ের অধীন এ অধিদপ্তরে বৈঠকটি হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সংস্থাটির পরিচালক (ট্রেড মার্কস) মো. জিল্লুর রহমান।
তিনি বলেন, “গত বৃহস্পতিবার ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আমাদের টাঙ্গাইল শাড়ির জিআই দাবির পরের দিন আমাদের সাপ্তাহিক বন্ধের দিন থাকায় আমরা কোনো ধরনের প্রতিক্রিয়া জানাতে পারিনি।



