
ডিজিটাল ব্যবসা বা ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের আওতায় আনতে দুই বছর আগে চালু হয়েছে ডিজিটাল বিজনেস আইডেন্টিফিকেশন (ডিবিআইডি) কার্যক্রম। ডিবিআইডির জন্য আবেদন যাচাই-বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয় যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের পরিদপ্তরকে (আরজেএসসি)। গ্রাহক প্রতারণা ঠেকাতে এই কার্যক্রম চালু করা হলেও ৯৮ শতাংশ ই-কমার্স প্রতিষ্ঠানই এখনো রয়ে গেছে শনাক্তকরণের বাইরে।
ডিজিটাল ব্যবসার উদ্যোক্তারা বলছেন, কয়েক লাখ ই-কমার্স প্রতিষ্ঠানকে নিবন্ধনের দায়িত্ব পাওয়া বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আরজেএসসির অবস্থা হয়েছে ‘ঢাল-তলোয়ারহীন নিধিরাম সর্দারের’ মতো। ধীরগতির কারণে নিবন্ধন না পাওয়ায় অনেক ভালো প্রতিষ্ঠানও গ্রাহকদের আস্থা অর্জন করতে পারছে না। আর আরজেএসসি কারণ দেখিয়েছে, জনবলের সংকট।



