
সাভারের চামড়াশিল্প নগরী ও এর বাইরে নিজস্ব বর্জ্য পরিশোধনাগার (ইপিটি) রয়েছে এমন কারখানার উৎপাদিত ক্রাস্ট ও ফিনিশড চামড়া রপ্তানিতে এত দিন নগদ সহায়তা বা ভর্তুকি ছিল ১০ শতাংশ। এখন ক্রাস্ট চামড়া রপ্তানির ক্ষেত্রে নগদ সহায়তা তুলে দেওয়া হয়েছে। আর ফিনিশড চামড়ায় প্রণোদনা কমিয়ে ৭ শতাংশ করা হয়েছে।
গত ২০২২-২৩ অর্থবছরে দেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত ছিল চামড়া ও চামড়াজাত পণ্য। এই খাত থেকে রপ্তানি হয়েছিল ১২২ কোটি ডলারের পণ্য, যা এর আগের বছরের তুলনায় পৌনে ২ শতাংশ কম। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি নেতিবাচক ধারা থেকে বেরোতে পারেনি। রপ্তানি কমেছে ১৮ শতাংশ।



