
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর গত ছয় মাসের ব্যবসায় বেশির ভাগের মুনাফায় ভাটা পড়েছে। গতকাল মঙ্গলবার ৪৭টি কোম্পানি চলতি অর্থবছরের (২০২৩-২৪) প্রথম ছয় মাসের আর্থিক হিসাব প্রকাশ করেছে। এর মধ্যে ২০টি বা প্রায় ৪৩ শতাংশ কোম্পানির মুনাফা কমেছে। ১৪টি বা প্রায় ৩০ শতাংশ কোম্পানির লোকসান হয়েছে। এর মধ্যে সাতটি কোম্পানি মুনাফা থেকে লোকসানে নেমেছে। আগে থেকেই লোকসানি কোম্পানির মধ্যে চারটির লোকসান আরও বেড়েছে, বিপরীতে তিনটির কিছুটা কমেছে।
ব্যবসায় ভালো করতে না পারার কারণ হিসেবে বিক্রি কম, কাঁচামালের মূল্যবৃদ্ধি, সুদজনিত ব্যয় বৃদ্ধিসহ নানামুখী সংকটের কথা জানিয়েছে কোম্পানিগুলো। এমনকি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের কথায়ও সংকটের বিষয়টি উঠে আসে। তিনি আজকের পত্রিকাকে বলেন, সাপ্লাই চেইন ও এক্সচেঞ্জ রেটের কারণে বেশির ভাগ কোম্পানিই এখন কোনো রকমে টিকে রয়েছে। তাদের ২০ থেকে ২৫ শতাংশ শুধু এক্সচেঞ্জ লসই হচ্ছে। মুনাফা করাই কঠিন হয়ে গেছে।



