
প্রাকৃতিক গ্যাসের বৈশ্বিক দাম ২০২২ সালে বেড়ে ইতিহাসের সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছিল। এতে চাহিদায় ধস নেমেছিল। তবে গত বছর জ্বালানিটির বাজারদর কমেছে লক্ষণীয় মাত্রায়। এতে চাহিদা ফের ঘুরে দাঁড়াতে শুরু করেছে। চলতি বছর এটির চাহিদা আগের বছরের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। তবে এটির সরবরাহ এখনো সংকোচনের মুখে আছে বলেও জানিয়েছে সংস্থাটি।
বাজার পর্যবেক্ষকরা বলছেন, কৃষ্ণ সাগরীয় অঞ্চলে যুদ্ধ শুরু হওয়ার পর প্রাকৃতিক গ্যাসের বৈশ্বিক সরবরাহে টান পড়ে। একসময় রুশ গ্যাসের সবচেয়ে বড় ক্রেতা ছিল ইউরোপের দেশগুলো। ইউক্রেনে হামলার প্রতিক্রিয়ায় গ্যাস আমদানিতে রাশিয়া থেকে মুখ ফিরিয়ে নেয় ইউরোপ। অঞ্চলটির ক্রেতারা বিকল্প বাজার খুঁজতে শুরু করে। এমন পরিস্থিতিতে লাগামছাড়া হয়ে ওঠে পণ্যটির বাজার।



