
এক ছাদের নিচে শীতাতপনিয়ন্ত্রিত পরিবেশে প্রয়োজনীয় সব ধরনের নিত্যপণ্য পাওয়ায় শহরে সুপারশপগুলো দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তাতে রিটেইল বিজনেস (খুচরা বিক্রি) খ্যাত সুপারশপগুলোর ব্যবসা বড় হচ্ছে। তাতে তাদের মুনাফায়ও গতি এসেছে। তবে পণ্যের মূল্যবৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতিসহ নানা কারণে এ খাতের প্রবৃদ্ধি ধাক্কা খেয়েছে বলে দাবি করেন উদ্যোক্তারা।
দেশে ২০০০ সালের পর থেকে সুপারশপের ব্যবসা শুরু হলেও ভোক্তাদের কাছে তা গ্রহণযোগ্যতা পেতে এক দশকের বেশি সময় লেগে যায়। তবে গত কয়েক বছরে নগরজীবনে সুপারশপে কেনাকাটা করা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে করোনাকালে এ ব্যবসার ব্যাপক প্রসার ঘটে। একই ছাদের নিচে কাঁচাবাজার থেকে শুরু করে গৃহস্থালিতে ব্যবহার্য সব পণ্য পাওয়া যায় বলে ভোক্তাদের কাছে সুপারশপের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।



