
দক্ষিণ কোরিয়ার উপকূলে রাশিয়ার সোকোল গ্রেডের অপরিশোধিত তেলবাহী ১৪টি ট্যাংকার কয়েক সপ্তাহ ধরে আটকা পড়ে আছে। মার্কিন নিষেধাজ্ঞা ও অর্থ পরিশোধ–সংক্রান্ত জটিলতার কারণে তারা তেল খালাস করতে পারছে না।
এসব ট্যাংকারে ১৩ লাখ ব্যারেল তেল আছে বলে বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে। বড় মার্কিন তেল কোম্পানি এক্সনমবিলের সাখালিন-১ প্রকল্পের মাসিক যে উৎপাদন ক্ষমতা, ট্যাংকারগুলোতে তার চেয়ে বেশি তেল আছে। মস্কো ২০২২ সালের ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার শুরু করলে অন্যান্য পশ্চিমা কোম্পানির মতো এক্সনমবিল রাশিয়া ত্যাগ করে।
সাখালিন-১ প্রকল্প ছিল সোভিয়েত-উত্তর যুগের অন্যতম বড় চুক্তি—উৎপাদিত তেল ভাগাভাগির ভিত্তিতে এই চুক্তি হয়েছিল। এক্সনমবিল ২০২২ সালে রাশিয়া ত্যাগ করলে এই প্রকল্পের উৎপাদন প্রায় শূন্যের কোটায় নেমে আসে। এরপর এই প্রকল্পে উৎপাদন এখন পর্যন্ত আগের পর্যায়ে পৌঁছায়নি।



