
গত সপ্তাহে ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ইতিহাসে অন্যতম বড় ক্ষতির শিকার হয়েছেন। টেসলার প্রধান নির্বাহী এ সময় ৫ হাজার ৬০০ কোটি ডলারের বেতন–ভাতা থেকে বঞ্চিত হয়েছেন। যে মামলার কারণে তাঁকে ওই পরিমাণ অর্থ বিসর্জন দিতে হয়েছে, সেই মামলা অবশ্য তাঁর পর্যায়ের কেউ করেননি। করেছিলেন একজন সাবেক হেভি মেটাল ড্রামবাদক।
রিচার্ড টরনেটা ২০১৮ সালে ইলন মাস্কের বিরুদ্ধে মামলাটি করেছিলেন। ওই সময় পেনসিলভানিয়ার এই বাসিন্দার হাতে টেসলার মাত্র ৯টি শেয়ার ছিল। মামলাটি শেষ পর্যন্ত বিচারে গড়ায় ২০২২ সালে। গত মঙ্গলবার দেওয়া বিচারকের রায় রিচার্ড টরনেটার পক্ষে যায়। ইলন মাস্ক নিজের জন্য যে বিপুল বেতন–ভাতা ঠিক করেছিলেন, আদালতের রায়ে তা বাতিল করে বলা হয়েছে যে এর মাধ্যমে টরনেটা ও তাঁর মতো শেয়ারহোল্ডারদের প্রতি ন্যায় আচরণ করা হয়নি।



