
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভের ওপর চাপ কমাতে কাজ করছে সরকার। এ জন্য প্রবাসী আয় ও রপ্তানি বাড়াতে হবে। রপ্তানি বাড়াতে বেশ কিছু নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি আমদানি নিয়ন্ত্রণের মতো পদক্ষেপও নেওয়া হয়েছে। তারপরও ডলারের ওপর যে চাপ রয়েছে, তা শিগগিরই কমে আসবে বলে মনে করি।’
আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ভবনে এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সালমান এফ রহমান। ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে এ মতবিনিময় সভা করেন তিনি।



