
সংবাদপত্রশিল্প সম্প্রতি কঠিন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বিভিন্ন ডিজিটাল মাধ্যমের বিস্তারের পাশাপাশি টেলিভিশনের অপ্রতিরোধ্য অগ্রগতি যেমন সংবাদপত্রশিল্পকে বিরূপ পরিস্থিতির মুখোমুখি করেছে, তেমনি বিভিন্ন শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট, করপোরেট কর এই শিল্পের বিকাশে বাধা হয়ে দাঁড়িয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আজ রোববার অনুষ্ঠিত আগামী ২০২৪-২৫ অর্থবছরের প্রাক্-বাজেট আলোচনায় সংবাদপত্রশিল্পের এমন পরিস্থিতির কথা তুলে ধরেছেন সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) নেতারা। এ পরিস্থিতি মোকাবিলায় সংবাদপত্রশিল্পের ওপর আরোপিত শুল্ক-করে ছাড় চেয়েছে নোয়াব।
প্রাক্–বাজেট আলোচনায় তিনটি সুনির্দিষ্ট বাজেট প্রস্তাব দিয়েছে নোয়াব। এক. নিউজপ্রিন্টের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা; দুই. আমদানি পর্যায়ের ভ্যাট ১৫ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ করা; তিন. সংবাদপত্রশিল্পকে সেবামূলক শিল্প হিসেবে বিবেচনা করে করপোরেট কর সর্বনিম্ন পর্যায়ে নির্ধারণ করা।



