
‘বৃষ্টি এখন আর ভালো লাগে না/কান্নার শব্দ মনে হয়/মেঘলা আকাশ কেমন যেন/বেদনার চাদরে ঢেকে রয়/আমার বুকে কেন বৃষ্টি অঝোরে ঝরে পড়ছে/তবু সারাক্ষণ, আমার হৃদয় মন/নিবিড় অপেক্ষা করছে’—শিল্পী কুমার বিশ্বজিতের গাওয়া এমন কথার একটি গানের গানচিত্র আগামীকাল বৃহস্পতিবার অবমুক্ত হচ্ছে শিল্পীর নিজস্ব পেজে। সেই সঙ্গে গানটি প্রথম আলোর ফেসবুক পেজেও দেখা যাবে।
গত ২২ নভেম্বর এই গানের একটি টিজার আসার পর খবরের শিরোনাম হন কুমার বিশ্বজিৎ।
এ সময় প্রথম আলোয় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি গানটি প্রসঙ্গে বলেন, ‘শিল্পীর প্রাণ যখন মরে যায়, তখন গান গাওয়াটাই তাঁর জন্য কঠিন হয়ে যায়। আর গত আট মাস একরকম বেঁচে থেকেও বেঁচে না থাকার মতো আছি আমি। এবার ব্যক্তিগত কিছু কাজে যখন দেশে যাই, তখন আমার স্নেহের দুই ছোট ভাই কিশোর ও বাপ্পী এসে ধরল, এই গান গাওয়ার জন্য।
বলল, “আপনার জন্যই গানটি করা।” গানটির কথা ও সুর ভালো লাগল। তার চেয়ে বড় বিষয় হলো, গানটিতে একটা আর্তি ও অপেক্ষার বিষয় রয়েছে, যেটা আমাকে খুব স্পর্শ করেছে, তাই গাইলাম।’



