
প্রজাতন্ত্র দিবসের ঠিক আগেই ঘোষণা করা হয়েছে ২০২৪ সালের পদ্ম পুরস্কারজয়ীদের নাম। এ বছর ১৩২ জন ব্যক্তিত্বকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হবে। চলচ্চিত্রজগতের তারকাদের নাম এই তালিকায় শামিল হয়েছে। অভিনেত্রী বৈজয়ন্তীমালা, কোনিডেলা চিরঞ্জীবীকে পদ্মবিভূষণ আর মিঠুন চক্রবর্তী ও ঊষা উথুপকে পদ্মভূষণ পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছে। এ বছর মার্চ অথবা এপ্রিলে রাষ্ট্রপতি ভবনে নির্বাচিত ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করবেন ভারতের রাষ্ট্রপতি।
বৈজয়ন্তীমালা বালি
৫০–৬০–এর দশকে ভারতীয় চলচ্চিত্র ভুবনে রাজত্ব করেছেন অভিনেত্রী বৈজয়ন্তীমালা বালি। মাত্র ১৩ বছর বয়সে তামিল ছবির মাধ্যমে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। ৮৭ বছর বয়সী এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি নাচের মাধ্যমে দর্শকের মন জয় করেছিলেন। বৈজয়ন্তীমালার ঝুলিতে আছে ‘নয়া দৌর’, ‘সাধনা’, ‘মধুমতী’-র মতো অসংখ্য ছবি। তাঁকে পদ্মবিভূষণের জন্য নির্বাচন করা হয়েছে।



