
আবুল হায়াতের ‘অপমান’
অভিনয়ের পাশাপাশি নিয়মিত লেখালেখি করেন একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী আবুল হায়াত। এবারের বইমেলাতেও নতুন বই উপহার দিচ্ছেন তিনি। নাম ‘অপমান’। প্রিয় বাংলা প্রকাশন থেকে প্রকাশ পাবে বইটি।
ভাবনার ‘কাজের মেয়ে’
অভিনেত্রী আশনা হাবিব ভাবনার নতুন উপন্যাস ‘কাজের মেয়ে’। এরই মধ্যে বইটির প্রচ্ছদ প্রকাশ পেয়েছে। প্রচ্ছদ করেছেন আনিসুজ্জামান সোহেল। প্রকাশ পাবে মিজান পাবলিশার্স থেকে।
জয় শাহরিয়ারের ‘সঞ্জীবনামা’
প্রয়াত সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীকে নিয়ে বই প্রকাশ করছে আজব প্রকাশ। কণ্ঠশিল্পী জয় শাহরিয়ারের সংকলন ও সম্পাদনায় বইটির নাম রাখা হয়েছে ‘সঞ্জীবনামা’। সঞ্জীব চৌধুরীর জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণা করেছেন তাঁর সহকর্মী, স্নেহভাজন ও কাছের মানুষেরা। প্রচ্ছদ করেছেন সঞ্জীব চৌধুরীর তনয়া কিংবদন্তি চৌধুরী।
শাফিনের জীবনকাহিনি
‘মাইলস’খ্যাত সংগীতশিল্পী শাফিন আহমেদের জীবনকাহিনি নিয়ে বই লিখেছেন সাজ্জাদ হুসাইন। বইয়ের নাম ‘পথিকার’। কলকাতা বইমেলায় ছাপাখানার ভূত থেকে প্রকাশ পেয়েছে বইটি। অমর একুশে বইমেলায়ও পাওয়া যাবে পথিকার।
তানযীর তুহিনের ‘আহত কিছু গল্প’
প্রথমবার গল্পের বই লিখেছেন সংগীতশিল্পী তানযীর তুহিন। ‘আহত কিছু গল্প’ নামের বইটি প্রকাশ পাবে কিংবদন্তী পাবলিকেশন থেকে। প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ।



