
‘নিজের লেখা গান শুনতে ভালো লাগবে না? আমরা তো বাঙালি, আমাদের মনটা অনেক বড়। আমরা সরলও। এত বছর পর আবার যখন গানটি শুনলাম, ভালো লেগেছে। কিন্তু বাংলার মধ্যে হিন্দি ও ইংরেজি মিশিয়ে যা করা হলো, তা নিয়ে কী বলব বুঝতে পারিনি। কী আর করা। এভাবে উপস্থাপনে কষ্ট পেয়েছি। যেভাবে গানটি তৈরি করেছে, সেটা সত্যি ভালো লাগেনি।’ ২০২০ সালের ১ এপ্রিল প্রথম আলো বিনোদনের ছাপা হওয়ার এক সাক্ষাৎকারে নিজের গান নিয়ে কষ্টের কথা এভাবেই জানিয়েছিলেন গীতিকবি রতন কাহার।
২০২০ সালে সনি মিউজিকের ব্যানারে বলিউড র্যাপার বাদশার সংগীতায়োজনে ‘বড় লোকের বিটি লো’ গানটি নতুন করে ‘গেন্দা ফুল’ শিরোনামে প্রকাশিত হয়। গানটি ভারতের পাশাপাশি বাংলাদেশেও ছড়িয়ে পড়ে। সে সময় ছোট ছেলে শিবনাথ কাহারের মাধ্যমে প্রথম আলোর সঙ্গে পশ্চিমবঙ্গের বীরভূমের সিউড়ির বাড়ি থেকে মুঠোফোনে কথা বলেন অশীতিপর এই গীতিকবি। গত বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় সরকার জানায়, নিভৃতচারী এই বাউল চলতি বছরের পদ্মশ্রী পদক পাচ্ছেন।



