
মুক্তির মাত্র ১৭ দিনের মাথায় বিশ্বব্যাপী বক্স অফিসে ১ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক ছুঁয়েছে হলিউডি সিনেমা বার্বি। ওয়ার্নার ব্রাদার্স তাদের সিনেমার এ অর্জনকে ‘বার্বিলিয়ন’ নাম দিয়েছে।
বিবিসি জানিয়েছে, রবিবার এক বিবৃতিতে প্রযোজক সংস্থা ওয়ার্নার ব্রাদার্স জানিয়েছে বিশ্বব্যাপী বক্স অফিসে ১.০৩ বিলিয়ান ডলার টিকেট বিক্রি করে সিনেমাটি সপ্তাহ শেষ করতে চলেছে।
গ্রেটা গেরউইগ প্রথম নারী নির্মাতা, যিনি একক পরিচালক হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন।
বার্বি সিনেমার এই অর্জনকে ওয়ার্নার ব্রাদার্স ‘যুগান্তকারী মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছে।
যুক্তরাষ্ট্রে ডমেস্টিক ডিস্ট্রিবিউশনের সভাপতি জেফ গোল্ডস্টেইন বলেন, “গ্রেটা গেরউইগ ছাড়া আরও কারও পক্ষেই বিশ্বব্যাপী সমাদৃত আইকনিক চরিত্রটির (বার্বি) জীবনের আনন্দ, আবেগ ও বিনোদনের এই গল্প ফুটিয়ে তোলা সম্ভব হত না। গেরউইগ আক্ষরিক অর্থেই সারা বিশ্বকে গোলাপী রঙে রাঙিয়ে তুলেছেন।”
গোল্ডস্টেইন বলেন, মাঝে কোভিড মহামারীত এবং স্ট্রিমিং কোম্পানির দৌরাত্মে সিনেমা ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরও বার্বি দেখার জন্য প্রেক্ষাগৃহের বাইরে দর্শকদের লম্বা লাইন এবং একাধিকবার হলে গিয়ে সিনেমাটি দেখার ঘটনা প্রমাণ করে, সিনেমা শিল্প তার প্রাণ ফিরে পেয়েছে।
জেফ গোল্ডস্টেইন মনে করেন, বার্বির গোলাপী দুনিয়া দর্শককে ব্যাপকভাবে আকৃষ্ট করেছে। অনেক নারী গোলাপি পোশাক পরে হলে গেছেন।
যুক্তরাষ্ট্রে সিনেমা হলগুলোতে বার্বির ডল বক্স বসানো হয়েছিল, যেখানে দর্শকরা সেলফি তুলেছেন।
এছাড়া বার্বির ছবি ও নামাঙ্কিত পোশাক এবং এর আনুষঙ্গিক পণ্যও বাজারে এসেছে।
বার্বি মুক্তি পেয়েছে গত ২১ জুলাই। সিনেমার মূল দুই চরিত্রের মধ্যে ‘বার্বি’র ভূমিকায় মার্গট রবি ও ‘কেইন’ চরিত্রে রায়ান গসলিং অভিনয় করেছেন।
যুক্তরাষ্ট্রে বক্স অফিসে ‘বার্বি’ ৪৫৯ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিকভাবে ৫৭২ মিলিয়ন ডলার আয় করেছে।
‘বার্বি’ সিনেমায় বাংলাদেশি বংশোদ্ভূত রমজান মিয়া
হলিউডের আলোচিত সিনেমা ‘বার্বি’তে অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের মডেল ও অভিনেতা রমজান মিয়া। ওয়ার্নার ব্রাদার্সের ‘বার্বি’ সিনেমাটি নির্মাণ করেছেন গ্রেটা গেরউইগ। সিনেমার মূল ২ চরিত্রের মধ্যে ‘বার্বি’র ভূমিকায় দেখা যাবে মার্গট রবি ও ‘কেইন’ চরিত্রে রায়ান গসলিংকে। সিনেমায় ‘দক্ষিণ এশিয়ান কেইন’ চরিত্রে অভিনয় করেছেন রমজান মিয়া।
বাংলাদেশি মা ও বাবার সন্তান রমজানের জন্ম যুক্তরাজ্যে। সংগীত ও নৃত্যে পড়াশোনা শেষ করে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি।
তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গোস্ট স্টোরিজ’। ২০১৬ সালে ব্রিটিশ ভৌতিক এই চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন তিনি। অ্যান্ডি নাইম্যান ও জেরেমি ডায়সনের নির্মিত ওই সিনেমায় এসথার গুডম্যান নামে এক নারীর প্রেমিকের ভূমিকায় অভিনয় করেন রমজান।
বার্বি সিনেমা নিয়ে আরও সংবাদ



