
বার্ধক্যজনিত কারণে এখন বাসায় সময় কাটে একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুদ আলী খানের। খুব প্রয়োজন না হলে বাসা থেকে বের হন না। বের হলেও হুইলচেয়ার ব্যবহার করেন। অনেক দিন হলো তাই অভিনয়ে নেই তিনি। যদিও ৯৪ বছর বয়সী এই অভিনেতার মন পড়ে রয় অভিনয়ে। নিজের সঙ্গে যায় এমন চরিত্র হলে অভিনয়টা করতে চান। ঘরে বসেই খোঁজখবর নেন সহশিল্পীদের। ২৯ জানুয়ারি বিকেলে তাঁকে চমকে দিয়ে তাঁর গ্রিন রোডের বাসায় হাজির হলেন কিংবদন্তি পাঁচ শিল্পী। অভিনেতাকে দেখার জন্য, তাঁর সঙ্গে কিছুটা সময় গল্প আর আড্ডা দিতে একত্র হয়েছিলেন অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, অভিনেতা আবুল হায়াত, আমীরুল হক চৌধুরী, খায়রুল আলম সবুজ ও দিলারা জামান। আসাদুজ্জামান নূরের আহ্বানে এবং সাংবাদিক অভি মঈনুদ্দীনের উদ্যোগে আয়োজন করা হয় এই আড্ডার।
বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে প্রাণবন্ত এই আড্ডা। দীর্ঘদিন পর শিল্পীদের দেখা হয় একে অন্যের সঙ্গে। পুরোটা সময় দারুণ আনন্দে কাটিয়েছেন তাঁরা। বিশেষ করে মাসুদ আলী খানকে কাছে পেয়ে সবাই আবেগে আপ্লুত হয়ে পড়েন। পুরোনো দিনের নানা গল্পে মগ্ন হয়ে ওঠেন।



