
ভারতীয় সিরিয়ালে সুন্দরী হিসেবেই পরিচিত রূপাঞ্জনা মিত্র। ক্যারিয়ারের বয়স দীর্ঘ হলেও তার রূপ কমেনি একটুও। এই মুহূর্তে ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালে অভিনয় করছেন তিনি। তার সৌন্দর্যের চর্চা পৌঁছাল দাদাগিরিতেও। সঞ্চালক সৌরভ গাঙ্গুলির সামনেই রূপাঞ্জনার প্রশংসায় পঞ্চমুখ হলেন তারই বান্ধবী দেবলীনা দত্ত। আর সেই প্রশংসা শুনে দাদার সামনেই লাজে রাঙা হলেন রূপাঞ্জনা।
সম্প্রতি ছেলে রিয়ানকে নিয়ে দাদাগিরিতে যান রূপাঞ্জনা। নিজের ক্যারিয়ার নিয়ে সৌরভকে নানা কথা বলেন তিনি। এই পেশায় কেন এলেন, সেই বিষয়েও খোলসা করে বলেন অভিনেত্রী। দাদাগিরির মঞ্চে অভিনেত্রী জানান, তার মায়ের ইচ্ছাতেই তিনি অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। ফলে পরিবার থেকে অভিনয় নিয়ে কোনো বাধা আসেনি।
এই কথা বলতে বলতেই সৌরভ ও রূপাঞ্জনার কথার মাঝে হঠাৎই ঢুকে পড়েন দেবলীনা দত্ত। তিনিও দাদাগিরিতে এসেছিলেন। জানান, রূপাঞ্জনা যখন টালিগঞ্জে কাজ করতে শুরু করেন, তাকে দেখতে ছিল ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো। তিনিই না কি ছিলেন টলিপাড়ার ঐশ্বরিয়া রাই। এ কথা শুনে সৌরভও হাসেন। আর রূপাঞ্জনা লজ্জায় লাল হয়ে যান।



