
দৈনন্দিন কথাবার্তা থেকে শুরু করে পেশাগত ও জরুরি নানা তথ্য আদান–প্রদান বা বন্ধুদের সঙ্গে আড্ডাও এখন চ্যাটের মাধ্যমেই সেরে ফেলা যায়। অনেকে তো আজকাল মুঠোফোনে কথা বলা বা সামনাসামনি আড্ডার চেয়েও চ্যাটিংকে বেশি পছন্দ করেন। বিশেষ করে অন্তর্মুখী চরিত্রের লোকজনের জন্য চ্যাটিং সামাজিকতা এবং সম্পর্কের নতুন এক দুয়ার খুলে দিয়েছে বলা যায়।
তবে এই চ্যাটিং একদিকে যেমন আমাদের কাছাকাছি আসার সুযোগ করে দিয়েছে, তেমনি এই ইনবক্সে করা সামান্য ভুলই আপনার জন্য ডেকে আনতে পারে বড় বিপদ। আমরা এখানে এমন পাচটি ভুল নিয়ে আলোচনা করব, যেগুলো এড়িয়ে যেতে পারলে অনলাইনের নানা রকম বিপদ-আপদ থেকে আপনি সহজেই বেঁচে যেতে পারবেন।
১. ইনবক্সে পাওয়া যেকোনো লিংকে ক্লিক
এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিপদে আমরা পড়ি এই কারণে। আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়া থেকে শুরু করে আপনার ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার পেছনের অন্যতম কারণ হলো ফিশিং সাইটের লিংক। কাজেই আপনার কাছের বন্ধুর পাঠানো কোন লিংকেও না জেনে, না বুঝে ক্লিক করা যাবে না। লিংকে প্রবেশ করলে আপনি আবার আপনার অ্যাকাউন্টেই ঢুকতে পারবেন কি না, সেটা নিয়েই টানাটানি লেগে যাবে!
২. ব্যাংকের তথ্য বা ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড শেয়ার
একটা জিনিস মাথায় রাখতে হবে, যতই নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হোক না কেন, ইন্টারনেট কখনোই সম্পূর্ণ নিরাপদ নয়। ফেসবুকের মতো বড় এবং প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যমেও একাধিকবার তথ্য ফাঁসের মতো ঘটনা ঘটেছে। কাজেই যেসব তথ্য অন্যের হাতে পড়লে আপনার আর্থিক ক্ষতির শঙ্কা আছে, এমন তথ্য চ্যাটে ভুলেও দেবেন না। দিলেও কাজ হয়ে যাওয়ার পর যত দ্রুত সম্ভব মুছে ফেলবেন। যাতে ভবিষ্যতে ওই তথ্য ব্যবহার করে কেউ আর্থিক প্রতারণা বা ক্ষতি করতে না পারে।



