
একক কোনো খাবার ক্যানসার প্রতিরোধ করতে পারে না। তবে সুষম পুষ্টিকর খাদ্যাভ্যাস ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে। একদিকে যেমন কিছু কিছু খাবার নিয়মিত পাতে রাখার অভ্যাস করতে হবে, অন্যদিকে কিছু খাবারকে ‘না’ বলতে হবে।
আসুন জেনে নেওয়া যাক ক্যানসারের ঝুঁকি কমাতে কী ধরনের খাবার দৈনিক খাদ্যতালিকায় রাখা যেতে পারে—
রঙিন শাকসবজি ও ফলমূল
দৈনিক একধরনের সবজি না খেয়ে বিভিন্ন ধরনের রঙিন শাকসবজি খেতে হবে। কারণ, একটি রঙিন ডায়েট আপনার ক্যানসার লড়াইয়ের গুরুত্বপূর্ণ একটি ধাপ। বিভিন্ন রঙিন শাকসবজিতে ক্যারোটিন, বিভিন্ন ধরনের ভিটামিন (সি, ই, ফলিক অ্যাসিড ইত্যাদি), মিনারেল ও অ্যান্টি-অক্সিডেন্ট, পলিফেনল ও ফাইটোকেমিক্যাল রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়িয়ে ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করবে। বোস্টনের হার্ভার্ড টিএইচ স্কুল অব পাবলিক হেলথের একটি গবেষণায় দেখা গেছে, প্রতিদিন পাঁচটির বেশি ফল ও শাকসবজি যাঁরা খেয়েছেন (এর চেয়ে কম খাওয়াদের তুলনায়), তাঁদের স্তন ক্যানসারের ঝুঁকি ১১ শতাংশ কম ছিল। এর মধ্যে ক্রুসিফেরাস (বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি, চায়না ক্যাবেজ, ওল, কেইল ইত্যাদি) সবজি, কমলা, লাল ও হলুদ রঙের সবজি বিশেষভাবে উপকারী। ক্রুসিফেরাস সবজিতে সালফোরেন, আইসোথায়ানেট, ইনডোল এবং উচ্চমাত্রার গ্লুকোসিনোলেটস নামের ফাইটোক্যামিকেল থাকে, যা ফুসফুস, পাকস্থলী, কোলন ও স্তন ক্যানসারের বিকাশ ও অগ্রগতি ঠেকাতে সাহায্য করে।



