
ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে কুড়িল ফ্লাইওভার–সংলগ্ন অংশে যে স্বাধীনতা ভাস্কর্য, এর পেছনেই নিকুঞ্জ–১ আবাসিক এলাকার প্রবেশপথ। সীমানাপ্রাচীর–ঘেঁষে সুউচ্চ পাম ও খেজুরগাছের সারি। পাশ দিয়ে বয়ে গেছে লেক। স্বচ্ছ পানির লেকটির দুই পাড় সবুজে ঘেরা। পাড় ধরে পাশাপাশি চলেছে ফুটপাত ও সড়ক। সড়কের পাশে পরিকল্পিতভাবে গড়ে উঠেছে দোতলা ও তিনতলা দৃষ্টিনন্দন সব বাড়ি।
জানা যায়, নিকুঞ্জ–১ দেশের একমাত্র আবাসিক এলাকা, যেখানে তিনতলার বেশি বাড়ি নেই। ৬৮ একর জমির ওপর গড়ে ওঠা এই আবাসিক এলাকায় মোট ৬৩৪টি প্লট রয়েছে। সব কটি প্লটই তিন কাঠা। বাড়িগুলো তিন কাঠা প্লটের ওপর করা। যদিও কেউ কেউ পাশাপাশি দুটি প্লট কিনে ছয় কাঠা জমির ওপর বাড়ি করেছেন, সেই সংখ্যা খুবই কম। এখন পর্যন্ত প্রায় ৩৫০টি প্লটে বাড়ি হয়েছে।



