
আয়, ব্যয় ও অপচয়ের প্রশ্ন এলেই আমাদের সামনে ভাসতে থাকে টাকার হিসাব–নিকাশ। প্রজন্মের পর প্রজন্ম ধরে টাকার গুরুত্ব জেনে আসা আমরা তাই টাকা খরচ করি খুব বুঝেশুনে। অথচ কথাটা যে আমাদের শক্তি ও সময়ের বেলাতেও খাটে, সেই কথা আমরা বেমালুম ভুলে যাই! টাকার ব্যয় নিয়ে আমরা যতটা চিন্তিত, নিজেদের শক্তি ও সময় নিয়ে ততটা নয়। আসুন দেখে নিই এমন সাত জায়গা, যেখানে আমরা নিজের অজান্তেই অনেকখানি শক্তি নষ্ট করে ফেলি।
অপ্রয়োজনীয় কাজ নিজের কাঁধে নেওয়া
এটা হয় মূলত আমাদের ‘না’ বলতে না পারার কারণে। আমরা প্রায়ই এমন সব কাজে নিজেদের জড়িয়ে ফেলি, যেগুলো আমাদের কোনো কাজে আসে না। অথচ সেখানে আমাদের শক্তি খরচ করে ফেলি অনেকখানি। তাই যেকোনো কাজ করার আগে নিজেকে প্রশ্ন করুন, এই কাজ আপনার বর্তমান বা ভবিষ্যৎ পেশাগত জীবনে কোনো কাজে আসবে কি না। উত্তর যদি ‘না’ হয়, তবে এসব কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলুন।
যেকোনো কাজ নিখুঁতভাবে করতে চাওয়া
মিস্টার পারফেকশনিস্ট হওয়ার এই বাতিককে সব সময়ই অবশ্য খারাপ বলার সুযোগ নেই। কিন্তু কখনো কখনো নিজের স্বার্থেই আপনার এই খুঁতখুঁতে মনোভাব থেকে সরে আসা উচিত। বিশেষ করে যে অনানুষ্ঠানিক কাজগুলোতে ছোটখাটো কমতি থাকলেও সমস্যা হয় না, সেই কাজগুলোর পেছনে ঘণ্টার পর ঘণ্টা সময় ও শক্তি খরচ করার কোনো মানে আছে?



