
জাহান-ই-গুলশান শাপলা
ক্যান্সার শব্দটি জনমনে ভয়, আতঙ্ক আর দুশ্চিন্তাসহ নানা নেতিবাচকতা প্রতিধ্বনিত করে। এর বাস্তব কারণও রয়েছে। তবে আমার কাছে ক্যান্সার জার্নি কেবল নেতিবাচক অভিজ্ঞতা নয়। বরং ক্যান্সার আমার জীবনকে ‘আমার থেকে আমাদের করে’ গ্রহণ করবার অবকাশও দিয়েছে। নিজের কষ্ট-যন্ত্রণার সঙ্গে সঙ্গে সমষ্টির দুর্ভোগ অনুভবের তাগিদ দিয়েছে।
নিজের ক্যান্সার জার্নির মধ্য দিয়ে যেতে যেতে ক্যান্সার নিয়ে মানুষের কষ্টই কেবল দেখিনি। আক্রান্তের প্রতি পরিবার-স্বজন বা একেবারে অপরিচিতদের নিঃস্বার্থ ভালোবাসা দেখেছি। আমি নিজেও অপার ভালোবাসায় আপ্লুত হয়েছি। সেজন্য নিজেকে বলি, ক্যান্সার জার্নি কেবল আমাকে নতুন জীবনই দেয়নি, দিয়েছে নতুন দৃষ্টিভঙ্গিও। দিয়েছে সমাজের সম্মিলিতের শক্তির ওপর ভরসা করবার সাহস।
ক্যান্সারের সঙ্গে প্রথম পরিচয় আমার ভীষণ মানবিক মাতামহী খাদিজা খাতুনের সার্ভাইক্যাল ক্যান্সারে আক্রান্ত হবার পর। তখন আমি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে। চরম ধাক্কা খেলাম যখন চিকিৎসকরা জানালেন, কিছুই করবার নেই। বলা চলে, কিছু না করতে পারার অক্ষমতা নিয়ে আমাদেরকে চেয়ে চেয়ে আমার নানীমার চলে যাওয়া দেখতে হয়।



